পর্যটন মৌসুম শুরুর আগে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী থেকে কলাতলী পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে প্রায় দুই টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়।
সংগৃহীত বর্জ্যের বড় অংশই পানির বোতল, চিপসের প্যাকেট ও প্লাস্টিকের ব্যাগ। আয়োজকেরা বলছেন, পর্যটকদের অসচেতনতাই এর মূল কারণ।
আয়োজক সংগঠনের সমন্বয়ক বলেন, প্রতি মাসে একবার এ ধরনের অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। সৈকতে আরও ডাস্টবিন বসানোর দাবিও জানান তাঁরা।
জেলা প্রশাসন জানিয়েছে, সৈকতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিয়ন্ত্রণে শিগগিরই নতুন নির্দেশনা দেওয়া হবে।




