জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় বাংলাদেশ ওপরের দিকে। ঘূর্ণিঝড়, লবণাক্ততা আর নদীভাঙন উপকূলের মানুষের নিত্যসঙ্গী।
গত দুই দশকে অভিযোজনের নামে অনেক প্রকল্প নেওয়া হয়েছে। এর কিছু সফল হলেও অনেক প্রকল্প স্থানীয় বাস্তবতা না বুঝে নকশা করায় কাজে আসেনি।
উদাহরণ হিসেবে ভাসমান বাগানের কথা বলা যায়। শত বছর ধরে দক্ষিণাঞ্চলের কৃষকেরা কচুরিপানা দিয়ে ভাসমান বেড তৈরি করে সবজি চাষ করছেন। এটি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অভিযোজন কৌশল।
যে মানুষ ঝুঁকির মধ্যে বাস করেন, ঝুঁকি মোকাবিলার সবচেয়ে বড় বিশেষজ্ঞও তিনিই।
নীতিনির্ধারকদের উচিত প্রকল্প পরিকল্পনার শুরু থেকেই স্থানীয় মানুষকে যুক্ত করা। তাঁদের জ্ঞান আর বিজ্ঞানের সমন্বয়েই টেকসই সমাধান সম্ভব।




