মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। প্রতিবছরের মতো এবারও নদীতে অভিযান চলছে, জাল জব্দ হচ্ছে, জেলেদের জরিমানা হচ্ছে। কিন্তু একটি প্রশ্ন বারবার সামনে আসছে—নিষেধাজ্ঞার সময়ে জেলেরা খাবেন কী?
সরকারি হিসাবে নিবন্ধিত জেলেদের প্রত্যেকের জন্য চাল বরাদ্দ আছে। অথচ মাঠের খবর বলছে, অনেক এলাকায় সেই চাল এখনো পৌঁছায়নি, আবার তালিকার বাইরে রয়ে গেছেন বহু প্রকৃত জেলে।
ইলিশ আমাদের জাতীয় সম্পদ, এর উৎপাদন বাড়াতে নিষেধাজ্ঞা জরুরি। কিন্তু যাঁদের জীবিকা নদীর ওপর নির্ভরশীল, তাঁদের বিকল্প আয়ের ব্যবস্থা না করে শুধু শাস্তির ভয় দেখিয়ে আইন কার্যকর করা যায় না।
আমরা মনে করি, জেলেদের তালিকা হালনাগাদ, সহায়তার পরিমাণ বাড়ানো এবং বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি। জব্দ করা মাছ বিতরণেও কঠোর নজরদারি দরকার।




