লক্ষ্মীপুর সদর উপজেলায় মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে খোরশেদ আলম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রাত ১০টার দিকে বাড়ির পাশের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির স্ত্রী আকলিমা আক্তার বলেন, গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন স্বামী রাস্তায় পড়ে আছেন। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
স্থানীয় লোকজন বলছেন, এলাকায় কৃষিজমির মাটি কেটে বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলছিল। বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছিল।




