দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা পঞ্চম দিনের মতো দরপতন হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট কমে ৪ হাজার ৯৮৫ পয়েন্টে নেমেছে।

দিন শেষে লেনদেন হয়েছে ৩১২ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে প্রায় ৪০ কোটি টাকা কম। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের বেশির ভাগেরই দাম কমেছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকের আমানতের সুদহার বেশি থাকায় অনেক বিনিয়োগকারী শেয়ারবাজার থেকে টাকা সরিয়ে নিচ্ছেন।

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি জানিয়েছে, বাজারে কারসাজি ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে।